রাষ্ট্রক্ষমতার কার্যকর ভারসাম্য বজায় রাখতে এবং দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার ফরিদপুরে গণভোটের প্রচার ও জনসচেতনতামূলক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে ভবিষ্যতে কোনো একক রাজনৈতিক দল নির্বাচনে জয়লাভ করলেও রাষ্ট্র পরিচালনায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। এটি ক্ষমতার যৌক্তিক ভারসাম্য নিশ্চিত করবে এবং দেশে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তুলবে। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, ভবিষ্যতে কোনো নির্বাচন আর দলীয় সরকারের অধীনে হবে না, যা ভোট জালিয়াতি কিংবা ‘রাতের ভোটের’ মতো অনিয়ম চিরতরে বন্ধ করবে।
ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এবারের নির্বাচন কেবল নাগরিক অধিকার প্রয়োগ নয়, বরং আগামীতে দেশ কোন পথে পরিচালিত হবে—তা নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ। সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে উল্লেখ করে তিনি বলেন, উন্নত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতেও সরকার এ ধরনের জনমত গঠন করে থাকে। তবে কাউকে ‘না’ ভোট দিতে নিরুৎসাহিত করা হচ্ছে না, আর এটাই হলো গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।
জুলাই অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের ঐক্যমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। এই সনদের মূল লক্ষ্যই হলো বৈষম্যহীন রাষ্ট্র গঠন। ক্ষমতার কাঠামোতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ১২টি বিষয়ের ওপর ভিত্তি করে চারটি সুনির্দিষ্ট প্রশ্নে এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 





















