ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নেয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল ও শামীমার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা জারি ছিল। এছাড়া কাফরুল ও সাভার থানাতেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
এর আগে, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ সময় কারাগারে থাকার পর ২০২২ সালের এপ্রিলে শামীমা নাসরিন এবং একই বছরের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল জামিনে মুক্তি পান। কারামুক্তির পর ব্যবসায় ফেরার ঘোষণা দিলেও পুরনো মামলার জেরে আবারও আইনি জালে বন্দি হলেন আলোচিত এই ই-কমার্স উদ্যোক্তারা।
রিপোর্টারের নাম 















