রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে গত ১৩০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ এই তুষারঝড়ে গোটা অঞ্চলটি প্রায় ৪০ ফুট পর্যন্ত বরফের নিচে চাপা পড়েছে, যার ফলে সেখানকার জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, কামচাটকার বিভিন্ন শহরে ১০ থেকে ৪০ ফুট পর্যন্ত বরফ জমেছে। কোথাও কোথাও বহুতল ভবনের চারতলা পর্যন্ত বরফে ঢেকে গেছে। ভারী তুষারের চাপ এবং আকস্মিক তুষারধসে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় গত ১৫ জানুয়ারি কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলভস্ক-কামচাটস্কিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ। এই অভূতপূর্ব তুষারপাতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বরফ অপসারণ এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে।
রিপোর্টারের নাম 





















