সরকারি চাকুরিজীবীদের নতুন বেতন ও ভাতা নির্ধারণে গঠিত পে-কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। আগামীকাল বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশমালা হস্তান্তর করবে জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদনে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট সময়সীমা প্রস্তাব করা হয়েছে। এতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক এবং ওই বছরের ১ জুলাই থেকে অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে পূর্ণাঙ্গভাবে নতুন পে-স্কেল কার্যকর করার সুপারিশ করা হয়েছে। মূলত সরকারি কোষাগারের ওপর চাপ কমিয়ে ধাপে ধাপে কর্মকর্তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যেই এমন প্রস্তাবনা তৈরি করা হয়েছে।
নতুন এই কাঠামোর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন ও ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনটি জমা পড়ার পর সরকারের উচ্চপর্যায়ে পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মূলত বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরি করেছে জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন।
রিপোর্টারের নাম 





















