চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত একটি ইস্পাত কারখানায় ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় রবিবার সংঘটিত এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক তথ্যানুসারে, বাওগাং ইউনাইটেড স্টিল কারখানার ৬৫০ ঘনমিটার ধারণক্ষমতার একটি পানি ও বাষ্প ট্যাংক থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ ভেঙে পড়ে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। ঘটনার পরপরই অন্তত ৮৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও একজনের খোঁজ চালিয়ে যাচ্ছেন এবং তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, এর তীব্রতায় ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বসবাসকারী লোকজনের বাড়িঘর কেঁপে ওঠে এবং জানালার কাচ ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও চিত্রে কারখানার ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ছাদ এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। একটি ভিডিওতে বিস্ফোরণের সময় একটি বড় বস্তু আকাশে ছিটকে যেতে দেখা যায়, যা পরে কারখানারই একটি অংশ বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, শিল্পোন্নত চীনে অতীতেও বেশ কয়েকটি বড় ধরনের শিল্প দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত জুন মাসে মধ্য চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু এবং ২৬ জন আহত হয়েছিলেন। এছাড়াও, ২০১৫ সালে বন্দর নগরী তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।
রিপোর্টারের নাম 





















