ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় শত বছর পুরোনো ১২০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াইচ গ্রামের আকবার শেখের বাড়ির পেছনের পুকুর পাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় আকবার শেখের ছেলে সাদ্দাম শেখ (৩৪) নামে একজনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, ফরিদপুর সিপিসি-৩ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম শেখ মূর্তির উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি বলে জানা গেছে।
এই ঘটনায় র্যাব বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, মূর্তিসহ আটককৃত সাদ্দাম শেখকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। মূর্তিটির প্রকৃত মালিকানা এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 























