বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রায় দুই দশকেরও বেশি সময় পর বন্দর নগরী চট্টগ্রামে আসছেন। আগামী ২৫ জানুয়ারি নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। এই আগমনকে ঘিরে চট্টগ্রাম বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। দলের চেয়ারম্যানকে স্বাগত জানাতে মহানগর ও জেলা বিএনপি পৃথক পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
দলীয় সূত্র মতে, ২৫ জানুয়ারি এই সমাবেশে প্রায় ১৫ লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সেখান থেকে তারেক রহমান ঐক্যের বার্তা দেবেন, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন নেতারা।
জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামে এসেছিলেন। সে সময় তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এবং চসিক নির্বাচনে দলের প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সমর্থনে লালদিঘী ময়দানে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। গত ৯ জানুয়ারি তিনি দলের চেয়ারপারসন হিসেবে ঘোষিত হওয়ার পর এটিই হবে তাঁর প্রথম চট্টগ্রাম সফর।
বিএনপি সূত্রে জানা গেছে, তাঁর আগমনের প্রাক্কালে নগরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার ও পেস্টুন সাঁটানো হবে। ইতোমধ্যে শৃঙ্খলা, প্রচার এবং অভ্যর্থনা—এই তিনটি উপ-কমিটি গঠন করা হয়েছে। নগর বিএনপির নীতি নির্ধারকদের নিয়ে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
দলীয় নেতারা বিশ্বাস করেন, তারেক রহমানের আগমনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হবে। নেতাকর্মীদের মধ্যে যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তা দলের সামগ্রিক ঐক্যের বার্তাকে আরও শক্তিশালী করবে। কীভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি প্রার্থীদের বিজয়ী করা যায়, সে বিষয়ে তিনি দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে। এই সমাবেশে দলের নেতাকর্মীসহ চট্টগ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য নাজিমুর রহমান জানিয়েছেন, তিনটি উপ-কমিটি গঠনের পাশাপাশি প্রস্তুতি সভাও সম্পন্ন হয়েছে। দলীয় প্রধানের আগমন উপলক্ষ্যে সংসদ সদস্য প্রার্থীদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি ১৫ লক্ষ মানুষের সমাগমের আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ দুই দশক পর তাঁর আগমনে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ কাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড জনসমুদ্রে পরিণত হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রায় ২১ বছর পর তারেক রহমানের চট্টগ্রামে আগমনকে চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ২৫ জানুয়ারি পুরো চট্টগ্রাম উৎসবে পরিণত হবে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান চট্টগ্রামের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে তাঁর স্বপ্নের কথা সেদিন তুলে ধরবেন।
রিপোর্টারের নাম 























