কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামে দিনদুপুরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। দাওয়াত খেতে গিয়ে একই পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন, তাদের ২৫ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। রবিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী শফিকুর রহমান।
ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে শফিকুর রহমান ও তার পরিবারের সদস্যরা পাশের কাছানিয়া গ্রামে একটি দাওয়াতে যান। দুপুর আড়াইটার দিকে দাওয়াত শেষে তারা বাড়ি ফিরে আসেন। বাড়িতে প্রবেশ করতেই তারা দেখতে পান মূল ফটকের গেইট এবং ঘরের কলাপসিবল গেইটের তালা ভাঙা। ঘরের ভেতরে ঢুকে তারা দেখেন, তিনটি স্টিলের আলমারি ও একটি ওয়ারড্রোব তছনছ করা হয়েছে। চোরচক্র আলমারি থেকে ছয়টি স্বর্ণের চেইন, একটি আংটি, একজোড়া চুড়ি, একজোড়া নেকলেসসহ প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ দুই লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী শফিকুর রহমান জানান, পরিবারের সবাই দাওয়াত খেতে যাওয়ায় চোরেরা এই সুযোগের সদ্ব্যবহার করেছে। বাড়ি ফিরে এমন ক্ষয়ক্ষতি দেখে তারা হতবাক। চোরদের আতঙ্ক থেকে বাঁচতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দিনের আলোয় জনবহুল এলাকার পাশে এমন চুরি মেনে নেওয়া যায় না। তারা প্রশাসনের কাছে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন রবিবার বিকেলে জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী শফিকুর রহমানের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 























