টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় দীর্ঘ প্রায় দুই দশক পর জামাতা রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ জানুয়ারি) টাঙ্গাইলের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে রেজাউর রহমান দুলু তার শাশুড়ির বাড়িতে যায়। সেখানে তিনি তার স্ত্রীকে হত্যার চেষ্টা করেন। এ সময় তার শাশুড়ি এগিয়ে এলে দুলু দেশীয় অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে মধুপুরের ফুলবাগচালের কালিয়াকুড়ী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত স্ত্রী নুরুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ ২০ বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর অবশেষে এই রায় ঘোষিত হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাজাহান কবির জানিয়েছেন, মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে তারা মনে করেন।
রিপোর্টারের নাম 























