কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তিতাস উপজেলা বিএনপির এক সদস্যের বিতর্কিত বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতে ইসলামীর কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই নেতা। তার এই বক্তব্যকে ব্যক্তিগত আখ্যা দিয়ে দল এর দায় নেবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আসনের বিএনপি মনোনীত প্রার্থী।
শনিবার বিকেলে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের চরকুমরীয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ৩ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে তিতাস উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হীরাকে এসব বক্তব্য দিতে শোনা যায়।
ভিডিওতে কামরুজ্জামান হীরা বলেন, “কেন্দ্র থেকে আওয়ামী লীগও আমাকে সরাতে পারেনি। এখন তো আওয়ামী লীগের নামই নেই। কিসের স্বতন্ত্র আর কিসের জামায়াত—তাদেরকে কেন্দ্রের আশপাশে ঢুকতে দেব না, ইনশাআল্লাহ।” তবে তিনি উপস্থিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ১৯৯১ সাল থেকে এই চরকুমরীয়া কেন্দ্র বিএনপির বিজয়ের ঘাঁটি। তিনি স্মরণ করিয়ে দেন যে, আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন সরকার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করলে তিনি এই কেন্দ্র থেকে তাকে জয়যুক্ত করেছিলেন। কামরুজ্জামান হীরা শামসুল হক কর্তৃক উত্থাপিত চারটি কেন্দ্র সংক্রান্ত প্রস্তাবকে সমর্থন ও সাধুবাদ জানিয়ে আগামী ১২ তারিখে এই কেন্দ্র থেকে বিজয় অর্জন করে তা প্রমাণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘বড় মাপের নেতা’ আখ্যা দিয়ে হীরা বলেন, তিনি এমপি হলে মন্ত্রী হবেন এবং তার হাত ধরে সাতানী ইউনিয়নের একটি স্কুল এমপিওভুক্ত হবে। এছাড়া ইউনিয়নের সব অসমাপ্ত কাজ সম্পন্ন হবে বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন। সাতানী ইউনিয়নের জনগণের পক্ষ থেকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করার আশ্বাসও দেন তিনি।
মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, কামরুজ্জামান হীরা যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত। এ বক্তব্যের দায় দল নেবে না।
এদিকে, তিতাস উপজেলার সাধারণ ভোটাররা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























