আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত রবিবার রাতে সৈয়দপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
কেন্দ্রীয় জামায়াতের পক্ষে নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এই প্রার্থী ঘোষণা করেন। ঘোষণার পর হাফেজ আব্দুল মুনতাকিম নীলফামারী-৪ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে একটি কল্যাণমূলক সমাজ গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, নীলফামারী-৪ আসনে ইসলামী মূল্যবোধ, সৎ নেতৃত্ব এবং জনকল্যাণমূলক রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতেই হাফেজ আব্দুল মুনতাকিমকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এই আয়োজনে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার প্রায় ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সমাবেশটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-৪ আসনের প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ এবং সেক্রেটারি ফেরদৌস রহমান বক্তব্য রাখেন।
এছাড়াও সমাবেশে সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, সাবেক আমির মাওলানা লুৎফর রহমান, সাবেক আমির গোলাম মোস্তফা এবং কিশোরগঞ্জ শ্রমিক ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতনসহ সৈয়দপুর শহর, উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























