মাদারীপুরের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ইজিবাইকের দুই যাত্রী এবং সার্বিক পরিবহনের একজন সহকারী রয়েছেন।
গত রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর মিল গেইট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, নিহতদের মধ্যে সার্বিক পরিবহনের সহকারী পান্নু মুন্সী এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে তিনজন প্রাণ হারান। পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এরপর উদ্ধার অভিযান শেষে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানিয়েছেন, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
রিপোর্টারের নাম 























