মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আসাদুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন এবং গুরুতর দগ্ধ হয়েছেন আরও তিন সহকর্মী। শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় অবস্থিত ‘রশ্মি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম গাইবান্ধা জেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতরা হলেন—বগুড়া জেলার তামিম মিয়া (২৫) ও সিরাজগঞ্জ জেলার হাকিম মিয়া (২৭)। আহত অপর এক শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। দগ্ধদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, শনিবার রাতে হঠাৎ বিকট শব্দে কারখানার কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা কারখানার সামনে ভিড় করলে নিরাপত্তার স্বার্থে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাহমিদ হাসান জানান, দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পথেই একজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























