আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সব ধরনের নাটকীয়তা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী। দীর্ঘ প্রতীক্ষা ও নানা সমীকরণের পর শেষ পর্যন্ত তার ওপরেই আস্থা রেখেছে দলের হাইকমান্ড।
দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে প্রার্থী নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তি বিরাজ করছিল। শুরুতে নাছির চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হলেও গত ২৮ ডিসেম্বর দলীয় মহাসচিবের স্বাক্ষর করা আরও একটি মনোনয়নপত্র যুক্তরাজ্য প্রবাসী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলের নামে ইস্যু করা হয়। একই আসনে দুই নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ায় নির্বাচনী এলাকায় ধোঁয়াশার সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ‘কে হচ্ছেন চূড়ান্ত প্রার্থী’—তা নিয়ে চায়ের টেবিলে আলোচনার ঝড় ওঠে।
অবশেষে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকদের পর্যালোচনার পর নাছির চৌধুরীকে এই আসনে বিএনপির একক ও চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দলীয় মহাসচিব স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি ইতোমধ্যে প্রার্থীর হাতে এসে পৌঁছেছে। এর মাধ্যমে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নিয়ে দীর্ঘদিনের দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটল এবং নির্বাচনী লড়াইয়ে দলের একক প্রার্থীর অবস্থান নিশ্চিত হলো। নাছির চৌধুরীর মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 
























