নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেল থেকে ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে গোদনাইল নয়াপাড়া এলাকার জালকুড়ি সড়ক সংলগ্ন ক্যানেল থেকে এই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মোহাম্মদ (৩২), তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার সাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুলের পাশে ক্যানেলের পানিতে একটি ড্রাম ভাসতে দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি কূলে তুলে নিয়ে আসে। ড্রামটির মুখ খুলে ভেতরে ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করার পর লাশ গুম করার উদ্দেশ্যে ড্রামে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সঠিক কারণ বা মোটিভ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 
























