গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মহসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বোনারপাড়া স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহসেন পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা-ক্রোড়গাছা গ্রামের আহমেদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে দিনাজপুরগামী ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বোনারপাড়া জংশন স্টেশন ছেড়ে যায়। স্টেশন থেকে কিছু দূর যাওয়ার পর রেললাইন পারাপারের সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মহসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি মৃগী রোগেও ভুগছিলেন। তার চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 























