গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আড়াই কেজি গাঁজা ও ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় রংপুর থেকে রাজশাহী অভিমুখী ‘সিফাত স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশির জন্য থামানো হয়। বাসে থাকা যাত্রী রবিউল ইসলাম পলাশকে (৩৪) সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আড়াই কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত রবিউল পাবনা জেলা সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের খোকন মোল্লার ছেলে।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা রোড সংলগ্ন একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে ১০২ পিস ইয়াবাসহ দোকানদার বিচিত্র বর্মণকে (৪২) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বিচিত্র উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কোচমর্দন বাড়ইপাড়া গ্রামের মৃত সত্যনন্দ বর্মণের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মাদকসহ দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 























