দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য মোংলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, দেশজুড়ে চলমান দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি থেকে মুক্তি পেতে এই গণভোটের আয়োজন করা হয়েছে। পরিবর্তনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার সকাল ১০টায় বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ এসব কথা বলেন। তিনি তরুণ ভোটারসহ বাগেরহাট-৩ আসনের সকল স্তরের জনগণকে সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানান।
গণসংযোগ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. কোহিনুর সরদার বলেন, ‘হ্যাঁ’ ভোট মানেই স্বাধীনতা, আর ‘না’ ভোট মানেই ফ্যাসিবাদ। যারা পুরনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চক্রান্ত করছে, তারাই ‘না’ ভোটের পক্ষে কথা বলতে পারে। তিনি জনগণকে সতর্ক থাকার এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় মোংলা পৌর জামায়াতে ইসলামীর আমির এম এ বারী, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো. হোসেনসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























