দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনি অঙ্গন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে। এখনো অধিকাংশ প্রার্থী কালোটাকা ও পেশিশক্তির ওপর নির্ভর করে রাজনীতি করছেন। একটি মানসম্মত নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সংস্কার অত্যন্ত জরুরি।
শুক্রবার (১৬ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের সংস্কার। কারণ অতীতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা অনেক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন। তিনি আরও মন্তব্য করেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল এবং সে কারণেই প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক হয়েছেন। তার মতে, সেই পুরোনো পথেই হেঁটে শেখ হাসিনা ‘দানবে’ পরিণত হতে পেরেছিলেন।
সুজন সম্পাদক আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং প্রতিশোধপরায়ণতায় ভর করে শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৯১ সালের নির্বাচন ছিল সবচেয়ে ভালো নির্বাচন।
মতবিনিময় সভায় ড. বদিউল আলম মজুমদারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সুজনের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, সুজনের জেলা ফেসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা, পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম, সদস্য আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নুসহ সুজনের স্থানীয় সুধীজনেরা।
রিপোর্টারের নাম 























