শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঠিক বিচার এবং পুলিশের দাখিলকৃত চার্জশিট প্রত্যাখ্যান করে রাজপথে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়, যেখানে সংগঠনটির নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আল্টিমেটাম দিয়ে ঘোষণা করেন, আগামী এক সপ্তাহের মধ্যে তারা একটি বড় ধরনের ‘হাদি সমাবেশ’ আয়োজন করবেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলাদেশের মাটিতে তাদের কোনো স্থান হবে না। ডিবির তথ্যের বরাত দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ওসমান হাদিকে হত্যার জন্য যেখানে পাঁচটি পৃথক দল সক্রিয় ছিল, সেখানে চার্জশিটে কেন শুধুমাত্র গুলি বর্ষণকারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে? বাকি দলগুলোর সদস্যদের কেন আড়াল করা হচ্ছে, তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে পর্দার অন্তরালে থাকা মূল কুশিলবদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ চলাকালীন নেতা-কর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘বইলা গেছে হাদি ভাই, আমার হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগানে রাজু ভাস্কর্য এলাকা উত্তাল করে তোলেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ওসমান হাদির ওপর এই হামলা মূলত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের প্রতি হুশিয়ারি দিয়ে বলা হয় যে, হাদিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিচার প্রক্রিয়াকে অবহেলা করলে তা মেনে নেওয়া হবে না। এর আগে বৃহস্পতিবার হাদি হত্যার অসম্পূর্ণ চার্জশিট বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছিল সংগঠনটি।
রিপোর্টারের নাম 

























