গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আজিজার রহমানকে রংপুর নগরী থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাকে উদ্ধারের পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি আজিজার রহমানের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আপিল শুনানিতে অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। শুনানিতে নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার রাতে বাসে করে তিনি নিজ এলাকার উদ্দেশ্যে রওনা হন।
ভুক্তভোগী প্রার্থীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ফেরার পথে বাসে তার পূর্ব পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। পথিমধ্যে ওই ব্যক্তি তাকে একটি ডিম খেতে দেন। সেটি খাওয়ার কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর শুক্রবার সন্ধ্যায় তাকে রংপুরের মডার্ন মোড় এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তার জ্ঞান ফিরলে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
পুলিশ আরও জানায়, আজিজার রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























