মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত দুই অঙ্গীভূত আনসার সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ডের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একইসাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাহিনী কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে, এই ধরনের অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিদের একান্তই ব্যক্তিগত এবং এর দায়ভার কোনোভাবেই বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ বা শৃঙ্খলার ওপর বর্তায় না।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাহিনী বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে বাহিনীর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে অনৈতিক ও মানবাধিকার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাহিনী সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। ভবিষ্যতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন যেকোনো অপেশাদার আচরণের বিরুদ্ধে এই আপসহীন অবস্থান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রিপোর্টারের নাম 

























