রাজধানী ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘ফ্রেমস অব ফ্রিডম: বিইউএফটি ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন ২০২৫’। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই জাতীয় প্রদর্শনীতে দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল আলোকচিত্রীদের সৃজনশীলতা ফুটে ওঠে। গত ১৮, ২১ ও ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই প্রদর্শনীটি সমকালীন আলোকচিত্রের উৎকর্ষতা ও দৃশ্যমান গল্পের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
১২ জানুয়ারি ২০২৬ তারিখে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার বক্তব্যে সামাজিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক ভাবনার শক্তিশালী মাধ্যম হিসেবে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরেন। বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
এবারের প্রদর্শনীতে সারা দেশ থেকে সংগৃহীত ৭ হাজার ৬৬১টি আলোকচিত্রের মধ্য থেকে কঠোর বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ১৩০টি ছবি স্থান পায়। সৃজনশীল স্বাধীনতা ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংকে প্রাধান্য দিয়ে সাজানো এই প্রদর্শনীতে সেরা আলোকচিত্র, জুরি অ্যাওয়ার্ড এবং বিশেষ সম্মাননাসহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষাংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আয়োজনের পৃষ্ঠপোষক ও অংশীদারদের প্রতি বিশেষ সম্মাননা প্রদান।
এর আগে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইউসুফ তুষার। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং আলোকচিত্রগুলোর কারিগরি মান ও শৈল্পিক গভীরতার ভূয়সী প্রশংসা করেন।
২১ ডিসেম্বর প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে আলোকচিত্র অনুরাগী, শিক্ষার্থী ও শিল্পপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জায়ান্ট গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ফ্যাশন স্টেপ বাংলাদেশ, পুসাব ও এসঅ্যান্ডএ অ্যাসোসিয়েটসের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীটি দেশের আলোকচিত্র চর্চায় এক নতুন মাত্রা যোগ করেছে। সফল এই আয়োজনের সমাপনীতে বিইউএফটি ফটোগ্রাফি ক্লাব সংশ্লিষ্ট সকল আলোকচিত্রী, দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 

























