ভোলার আর্তমানবতার সেবায় ও শীতার্তদের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে ‘করিম-বানু’ ফাউন্ডেশন। ‘মানবতার পাশে মানুষের কল্যাণে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ তাহের এবং প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক আলহাজ্ব শওকাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক, আল আমিন শাহরিয়ার, ইউনুছ শরীফ, জামাল উদ্দিন, ইমরান হোসেন, আশরাফুল আলম সজীব এবং আরিফুল ইসলাম রিয়াজসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
বক্তারা তাদের বক্তব্যে জানান, ভোলার দৌলতখান উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সদস্য মরহুম ফজলে করিম ও মরহুমা হাসনা বানুর স্মরণে এই ফাউন্ডেশনটি গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের মহতী এই উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, সমাজের সামর্থ্যবানদের এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল শীতবস্ত্র বিতরণই নয়, বরং আগামী দিনেও ভোলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এবং যেকোনো দুর্যোগে ‘করিম-বানু’ ফাউন্ডেশন তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। বিতরণ অনুষ্ঠানে কয়েকশ শীতার্ত মানুষের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
রিপোর্টারের নাম 
























