সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামের মীরসরাইয়ে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনালী কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন নেতাকর্মীদের সততা ও দেশপ্রেমের ভিত্তিতে রাজনৈতিক চরিত্র গঠনের তাগিদ দেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর মতো দেশপ্রেম ও সততা নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। জনগণের ভালোবাসা পেতে হলে দলমত নির্বিশেষে সকল প্রকার অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে।” তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর দলীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমৃত্যু তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে মিথ্যা মামলায় কারান্তরীণ রেখে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, যা দেশের গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।
জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম নুশুর সভাপতিত্বে এবং সাবেক সদস্য বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদস্য সচিব মাসুকুল ইসলাম সোহান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া ও থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বর্তমান আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, বিএনপি নেতা লায়ন তাহের আহম্মদ এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম। এছাড়াও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রিপোর্টারের নাম 























