ঝালকাঠিতে চার জেলার সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণকালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ পক্ষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, বিগত সরকারের আমলে ৫৯ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সেই দুঃসহ পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনতে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করা অপরিহার্য। সম্প্রতি একজন সম্পাদককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের নেতিবাচক প্রচারণা ও সমালোচনা চলছে, তাকে মুক্ত সাংবাদিকতার জন্য অশনিসংকেত হিসেবে অভিহিত করেন তিনি।
সাংবাদিকদের কল্যাণে ট্রাস্টের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও জানান, বর্তমানে ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদানের পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সরকারি হাসপাতালগুলোতে সাংবাদিকরা যাতে বিশেষ চিকিৎসাসেবা ও অগ্রাধিকার পান, সে বিষয়েও ট্রাস্ট কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
পেশাগত ঝুঁকি ও মানবিক সংকটে থাকা সাংবাদিকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর—এই চার জেলার মোট ৩০ জন সাংবাদিকের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বিএম. রফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
অনুষ্ঠানে সহায়তা প্রাপ্ত সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়ায় জানান, নানামুখী ঝুঁকি ও আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তারা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগকে তারা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























