আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এ আসনে অভাবনীয় সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ১০ হাজার ১৬২ জন ভোটার তাদের নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছেন।
ইসি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে ৯ হাজার ৪৪৫ জন পুরুষ এবং ৬৯০ জন নারী রয়েছেন। মূলত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, যারা নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করছেন, তারাই এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিবন্ধিত হয়েছেন।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। এবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাধারণ ব্যালট পেপারের পাশাপাশি গণভোটের জন্য আলাদা গোলাপি রঙের ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটাররা নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে ভোট প্রদান করবেন এবং পরবর্তীতে সেগুলো পুনরায় ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় পাঠাবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে এসব পোস্টাল ব্যালট গণনা করা হবে।
অনলাইনে পোস্টাল ব্যালটের নিবন্ধন সম্পন্ন করে প্রবাসীরাও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সিঙ্গাপুরপ্রবাসী আবু কাউছার জানান, প্রবাসে থেকেও দেশের জাতীয় নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় তিনি অনলাইনে এই নিবন্ধন করেছেন। এর মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 























