ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো গণতান্ত্রিক সরকার পথভ্রষ্ট বা লাইনচ্যুত হতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের মানুষ এমন একটি সংসদ দেখতে চায়, যেখানে কেবল স্তুতিবন্দনা বা নাচ-গান হবে না; বরং জনগণের মৌলিক সমস্যা ও অধিকার নিয়ে আলোচনা হবে। সেই সংসদে কোনো অপরাধী বা সন্ত্রাসীর ঠাঁই হবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশন এলাকায় ইউনিয়ন মহিলা দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী দিনে এমনভাবে আইন প্রণয়ন করা হবে যা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। আমরা এমন এক সংসদীয় ব্যবস্থার নজির স্থাপন করতে চাই, যেখানে কার্যকর বিরোধী দল থাকবে এবং সংসদ সদস্যরা প্রকৃত অর্থে সাধারণ মানুষের কথা বলবেন। চাটুকারিতার সংস্কৃতি পরিহার করে সংসদকে আমরা পৃথিবীর বুকে একটি অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই।
আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের লড়াই নয়; বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার গতিপথ নির্ধারণের নির্বাচন। এটি হবে এ দেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি, এই নির্বাচন হবে তা বাস্তবায়নের চূড়ান্ত সোপান।
তিনি আরও উল্লেখ করেন, এই নির্বাচন জাতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক বদল হিসেবে চিহ্নিত হবে। এর মাধ্যমেই দেশের গণতন্ত্র একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে এবং প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করার সক্ষমতা অর্জন করবে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ এবং সদস্য সচিব শরিফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। কর্মী সভায় বক্তারা আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























