ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘নববর্ষ প্রকাশনা উৎসব’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করা হয়। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।
সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উৎসবকে কেন্দ্র করে বুদ্ধিজীবী চত্বরে সাজানো হয়েছে আকর্ষণীয় স্টল। সেখানে নতুন বছরের ক্যালেন্ডার, ডায়েরি, কলম ও বিভিন্ন উক্তি সংবলিত স্টিকার প্রদর্শিত হচ্ছে। এছাড়া স্টলে পবিত্র কুরআন মাজিদসহ বিভিন্ন ধরনের ইসলামি গবেষণামূলক বই ও ছাত্রশিবিরের নিজস্ব প্রকাশনা বিক্রয় ও প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রকাশনা উৎসবে আসা ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিব ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই আয়োজনটি সম্পন্ন হচ্ছে। এখানে ইসলামি চিন্তা ও চেতনার অনেক মানসম্মত বই রয়েছে। বিশেষ করে বিভিন্ন সচেতনতামূলক স্টিকার ও পরিচিতিমূলক সামগ্রীগুলো শিক্ষার্থীদের নজর কাড়ছে। এসব সৃজনশীল কাজের মাধ্যমে সংগঠনটি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরেক শিক্ষার্থী শাফায়েত হোসেন বলেন, ধর্মীয় বইয়ের পাশাপাশি এখানে সমসাময়িক সাহিত্য এবং সাম্প্রতিক ‘জুলাই বিপ্লব’ কেন্দ্রিক বিভিন্ন প্রকাশনাও স্থান পেয়েছে। সব মিলিয়ে নতুন অনেক কিছু জানার ও দেখার সুযোগ তৈরি হয়েছে এখানে।
আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শাখা ছাত্রশিবিরের সহকারী এইচআরডি সম্পাদক আহমেদ মুন্সী বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় সাধারণ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করে। আমাদের প্রকাশনা বিভাগ সংগঠনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের সুস্থ ও সৃজনশীল প্রকাশনাগুলো তুলে ধরা।
রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল জানান, বিশ্ববিদ্যালয় শাখার নিজস্ব উদ্যোগেই এই বিশেষ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে নিয়মিত প্রকাশনার পাশাপাশি নববর্ষের বিশেষ উপহার সামগ্রী রাখা হয়েছে। শিক্ষার্থীরা যেন এই স্টল পরিদর্শনের মাধ্যমে সংগঠনের আদর্শিক ও গঠনমূলক কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন। ১৬ জানুয়ারি পর্যন্ত চলমান এই উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।
রিপোর্টারের নাম 

























