কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর আলাউদ্দিন (২৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে বাঙ্গরা বাজার থানা এলাকার হিরাপুর কবরস্থান সংলগ্ন ভুড়ি নদীর পাড় থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলাউদ্দিন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় অটোরিকশা মেরামতের কথা বলে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তাকে না পেয়ে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছিল। এমনকি তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সাহায্য চেয়েছিল পরিবার।
সোমবার বিকেলে হিরাপুর এলাকায় নদীর পাড়ে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটি আলাউদ্দিনের বলে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, আলাউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রেখে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর শিয়ালে টেনে বের করায় মরদেহটি দৃশ্যমান হয়। মরদেহের একটি পা শিয়ালে খেয়ে ফেলেছে বলেও ধারণা করা হচ্ছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে কোন থানায় মামলা দায়ের করা হবে সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























