নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়ার মতির মোড়ে এক বিকাশ ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। এতে আনিসুল হক টিপু নামে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে নগদ প্রায় ২ লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আনিসুল হক টিপু। বাসার কাছাকাছি পৌঁছালে তিন-চারজনের একটি দল তার পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তারা টিপুর টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
আনিসুল হক টিপু জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলোতে বিকাশ, নগদ, এজেন্ট ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের বিপুল পরিমাণ লেনদেন চলমান ছিল। এই ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পৌর শহরের ব্যস্ততম এলাকায় এমন সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই বিষয়ে কেন্দুয়া থানার পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রিপোর্টারের নাম 























