ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তাতীবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে একটি যাত্রীবাহী ভ্যান ভাংগাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের দিকে যাচ্ছিল। ভ্যানটি তাতীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সেটিকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে অপর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালকের শাস্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 

























