কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় বুড়ির খাল থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার খোষঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশে এই ঘটনা ঘটে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে স্থানীয়রা বাঙ্গরা বাজার থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো রঙের একটি গেঞ্জি। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
লাশটি উদ্ধার করার পর সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের পচন শুরু হওয়ায় পরিচয় শনাক্তকরণে কিছুটা জটিলতা তৈরি হতে পারে।
বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি। এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। আমরা পরিচয় নিশ্চিত করতে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছি।”
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























