চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়ায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাম্পাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মিলনমেলা ২০২৬’। দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেন একাডেমির কয়েক প্রজন্মের সাবেক ক্যাডেট ও তাদের পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় পর পুরনো সতীর্থদের কাছে পেয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছিল স্মৃতিচারণ ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের বিশেষ সেশন। সাবেক ক্যাডেটদের পদচারণায় মুখরিত এই পুনর্মিলনীতে পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে ‘অ্যালামনাই অব দ্য ইয়ার’ পদকে ভূষিত করা হয় ইন্টারন্যাশনাল এমপ্লয়ার্স কাউন্সিল (আইমেক)-এর সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন বেলাল আহমেদকে। এছাড়া একাডেমির সদ্য উত্তীর্ণ মেধাবী ক্যাডেটদের পেশাগত উন্নয়নে বিশেষ বৃত্তির ঘোষণা দেওয়া হয়।
সহস্রাধিক নাবিকের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সোহরাওয়ার্দী। তিনি বলেন, বিশ্ব নৌ-বাণিজ্যে দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ মেরিন একাডেমির গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক নৌ-অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সাবেক শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যেকোনো নাবিকের সংকটে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তার বক্তব্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিবছর চাকরির বাজারে ক্যাডেটদের সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখা প্রয়োজন এবং নতুনদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা জ্যেষ্ঠদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফসিউর রহমান, ফয়সাল আল আসাদুজ্জামান, তানিয়া বেগম, রেদওয়ান সাজিদ ও অঙন দাশ প্রাঙ্গণ। গাম্ভীর্যপূর্ণ আলোচনার পাশাপাশি অনুষ্ঠানের শেষাংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় র্যাফেল ড্র। পেশাগত কর্মব্যস্ততার মাঝে এমন আয়োজন সবার মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 





















