বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশ কোনো তালেবানি বা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জন্য মুক্তিযুদ্ধ করেনি, বরং একটি উদার গণতান্ত্রিক দেশের জন্যই সংগ্রাম করেছিল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতাকর্মীদের ঢালাও গ্রেপ্তার ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুর পৌর শহরের ১ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “আমরা কোনো তালেবান বা জঙ্গি বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।” তিনি আরও উল্লেখ করেন যে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দলের সহাবস্থান থাকবে, এবং রাজনৈতিক দল করা কোনো অপরাধ নয়।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যদি কেউ প্রকৃতপক্ষে অপরাধ করে থাকে, তবে তাকে আইনের আওতায় আনা হোক। কিন্তু ঢালাওভাবে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।” তিনি সতর্ক করে দেন যে, যদি আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে হয়, তবে দেশে একটি শান্ত ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেন, কোনো সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতা যদি সুনির্দিষ্ট কোনো অপরাধে জড়িত না থাকেন, তবে তাদের গ্রেপ্তার করা থেকে বিরত থাকতে হবে।
সাবেক কাউন্সিলর আ. গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম আজাদ এবং যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন প্রমুখ।
রিপোর্টারের নাম 






















