সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই৯)’-এর নবম সংস্করণে যোগ দিতে রিয়াদ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। এই সম্মেলনে যোগ দিতে তিনি আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন।
গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হলো।
‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই৯)’-এর নবম সংস্করণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর এবং সৌদি আরামকো ও এফআইআই ইনস্টিটিউটের চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগের সিইও কিরিল দিমিত্রিয়েভ, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের সংসদ সদস্য রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়াও, সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বজুড়ে ব্যবসা ও বিনিয়োগের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন— ব্রেটন উডস কমিটির পরিচালক লরা চা; অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট; গুগলের প্রাক্তন সিইও ড. এরিক স্মিডট; সিটিগ্রুপের সিইও জেন ফ্রেজার; ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা রে ডালিও এবং স্ন্যাপ ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ইভান স্পিগেল।
সম্মেলনে বিশ্বব্যাপী আয়ের বৈষম্য মোকাবিলা, মুক্ত বাণিজ্য ও ভূ-রাজনৈতিক প্রভাব, টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তি, কোয়ান্টাম কম্পিউটিং ও এআই নেতৃত্বের প্রতিযোগিতা এবং শক্তি রূপান্তরের অগ্রগতি ও চ্যালেঞ্জসহ ভবিষ্যতের গঠন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, এই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
রিপোর্টারের নাম 
























