জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ মারাত্মক রূপ ধারণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করতে পুরো দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।
ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ‘নেটব্লকস’ জানিয়েছে, বর্তমানে ইরানে সব ধরনের ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ বা ‘ব্ল্যাকআউট’ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার এই পর্যবেক্ষক দলটি জানায়, দেশটিতে বড় ধরনের সংকটকালীন মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার হরণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বিক্ষোভকারীদের দমনে ধাপে ধাপে ডিজিটাল সেন্সরশিপ আরোপ করা হলেও শেষ পর্যন্ত তা পূর্ণাঙ্গ ইন্টারনেট বিচ্ছিন্নে রূপ নেয়।
মূলত ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে এই বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে তা সহিংস রূপ নিয়েছে। রাজপথে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহতের সংখ্যাও ক্রমেই বাড়ছে।
বিশ্লেষকদের মতে, সরকারবিরোধী এই আন্দোলন যাতে কোনোভাবেই সংগঠিত হতে না পারে এবং দেশের প্রকৃত পরিস্থিতি বিশ্ববাসীর আড়ালে থাকে, সেই উদ্দেশ্যেই তেহরান এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















