মাঠের লড়াইয়ে অ্যাথলেটিক বিলবাওকে কোনো পাত্তাই দিল না বার্সেলোনা। রাফিনিয়ার দুর্দান্ত নৈপুণ্যে ৫-০ গোলের বড় জয় নিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে কাতালানরা। স্প্যানিশ লা লিগায় টানা ৯ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এদিন মাঠে নেমেছিল হান্সি ফ্লিকেও শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই বিলবাওয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে বার্সার আক্রমণভাগ।
দলের দুই নিয়মিত তারকা লামিন ইয়ামাল ও রবার্ট লেভান্ডোভোস্কিকে সাইডবেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ ফ্লিক। তবে তাদের অভাব বুঝতে দেননি বাকিরা। ম্যাচের ২২ মিনিটে ফেরান তোরেসের নিখুঁত শটে লিড নেয় বার্সেলোনা। এরপর শুরু হয় তাদের গোল উৎসব। ৩০ মিনিটে রাফিনিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন লোপেজ। এর মাত্র চার মিনিট পরেই জালের দেখা পান রুনি বার্দগি, যা বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেয়।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে ৩৮ মিনিটে নিজের প্রথম ও দলের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তার বুলেট গতির শট রুখে দেওয়ার কোনো সুযোগই ছিল না বিলবাও গোলরক্ষক উনাই সিমোনের কাছে। এই গোলের মাধ্যমে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালের প্রথমার্ধেই চার গোল করার রেকর্ড গড়ে বার্সেলোনা।
বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে আবারও জ্বলে ওঠেন রাফিনিয়া। তার দ্বিতীয় গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০। হ্যাটট্রিকের সম্ভাবনা থাকলেও ৬৫ মিনিটে তাকে তুলে নিয়ে মার্কাস রাশফোর্ডকে মাঠে নামান কোচ। এরপর ম্যাচের ৭২ মিনিটে মাঠে নামেন ইয়ামাল। শেষ দিকে দুদলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল আর হয়নি।
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী রবিবার ফাইনালে লড়বে বার্সেলোনা।
রিপোর্টারের নাম 

























