আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি থাকলেও মাঠের লড়াইয়ের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি তার সম্ভাব্য ২৬ সদস্যের দলের একটি প্রাথমিক ছক তৈরি করেছেন, যার মধ্যে অন্তত ২০ জনের জায়গা প্রায় নিশ্চিত বলে জানা গেছে। আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রত্যাশিতভাবেই গোলপোস্ট সামলানোর মূল দায়িত্ব থাকছে এমিলিয়ানো মার্টিনেজের কাঁধে। তার ব্যাকআপ হিসেবে স্কোয়াডে থাকছেন জেরোনিমো রুল্লি। রক্ষণভাগে নিয়মিত পারফর্মারদের ওপরই আস্থা রাখছেন স্কালোনি। এই তালিকায় রয়েছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে আলবিসেলেস্তেদের অন্যতম ভরসা রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এঞ্জো ফার্নান্দেস এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে থাকছেন অভিজ্ঞ জিওভানি লো সেলসো। এছাড়া সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে তরুণ নিকোলাস পাস ও জুলিয়ানো সিমেওনেও স্কালোনির গুডবুকে জায়গা করে নিয়েছেন। আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন মহাতারকা লিওনেল মেসি। তার সঙ্গী হিসেবে লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস ও থিয়াগো আলমাদার থাকা অনেকটাই নিশ্চিত।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিশ্বজয়ের মিশন শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে চ্যাম্পিয়নরা। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই মাঠে জর্ডানের মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা।
দলের বাকি ছয়টি পজিশনের জন্য বর্তমানে বেশ কয়েকজন ফুটবলারের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। তৃতীয় গোলরক্ষক হিসেবে ভাল্টার বেনিতেজের সম্ভাবনা উজ্জ্বল। রক্ষণভাগের অতিরিক্ত পজিশনগুলোর জন্য হুয়ান ফয়থ, লিওনার্দো বালের্দি ও মারকোস আকুনিয়ার নাম বিবেচনায় আছে। মিডফিল্ডের লড়াইয়ে আছেন এক্সেকিয়েল পালাসিওস ও উদীয়মান ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। অন্যদিকে, ফরোয়ার্ড হিসেবে হোসে মানুয়েল লোপেজও রাডারে রয়েছেন।
তবে বর্তমান তালিকায় পাওলো দিবালার না থাকা সমর্থকদের জন্য কিছুটা বিস্ময়কর। চোট ও ফর্মহীনতার কারণে আপাতত তিনি পরিকল্পনার বাইরে রয়েছেন। একই অবস্থা মাতিয়াস সুলে ও আলান ভারেলাদের ক্ষেত্রেও। বড় ক্লাবে খেললেও পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবে আলেহান্দ্রো গারনাচোর জায়গা পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। তবে বিশ্বকাপ শুরু হতে এখনও সময় হাতে থাকায় চূড়ান্ত স্কোয়াডে শেষ মুহূর্তে ছোটখাটো পরিবর্তনের সুযোগ থাকছেই।
রিপোর্টারের নাম 

























