বর্তমান প্রেক্ষাপট ও নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। বুধবার আইন মন্ত্রণালয়ে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের অন্যান্য পরিচালকদের উপস্থিতিতে হওয়া ওই বৈঠকে উপদেষ্টা স্পষ্ট করেন যে, ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। আসিফ নজরুল বলেন, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায়, তবে সেটি হতে হবে নিরাপদ কোনো পরিবেশে। ভারতের বিকল্প হিসেবে তিনি শ্রীলঙ্কায় খেলার আগ্রহ প্রকাশ করেন।
আইসিসির প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ কেন ভারতে খেলতে চাচ্ছে না, সেই যুক্তিগুলো যথাযথভাবে আইসিসিকে বোঝানো হবে। আশা করা যাচ্ছে, সংস্থাটি নিরপেক্ষভাবে পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করবে এবং কঠোর পরিশ্রমে অর্জিত বিশ্বকাপে খেলার সুযোগটি নিশ্চিত করবে।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে বিসিবি ইতোমধ্যেই ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























