আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম তার নির্বাচনী হলফনামায় তথ্যের গরমিল নিয়ে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জানান, হলফনামার সাথে জমা দেওয়া আয়কর রিটার্নের তথ্যে একটি অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল, যা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সারজিস আলম জানান, আইনজীবীর ভুলের কারণে রিটার্নে ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল। এই তথ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন অনলাইন প্রচার সেল থেকে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতার যে দাবি করা হচ্ছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে আখ্যা দেন তিনি। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন, বর্তমানে তাদের পক্ষ থেকেও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনে কালো টাকার প্রভাব খাটানোর চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
নিজের আয়ের উৎস সম্পর্কে সারজিস আলম বলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সাথে জড়িত এবং হলফনামায় কোনো তথ্য গোপন করা হয়নি। তার স্ত্রীর সম্পদ সংক্রান্ত বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, তিনি সদ্য বিবাহিত এবং তার স্ত্রী একজন শিক্ষার্থী ও গৃহিণী। তার স্ত্রী কোনো পেশা বা ব্যবসার সাথে যুক্ত নন।
রিপোর্টারের নাম 

























