‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে, নারী বিভাগের ট্রফি জয়ের লড়াইয়ে লড়বে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ।
আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উভয় বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।
আজকের প্রথম সেমিফাইনালে বিজিবি ও আনসার দলের লড়াই ছিল দেখার মতো। প্রথমার্ধে আনসার ১৬-১৫ পয়েন্টে এগিয়ে থাকলেও বিরতির পর বিজিবি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। নির্ধারিত সময়ের খেলা ৩২-৩২ পয়েন্টে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৩৯-৩৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ আনসার ও ভিডিপি।
দ্বিতীয় সেমিফাইনালে রাঙ্গামাটির মেয়েদের পাত্তাই দেয়নি বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে ৩১-৬ পয়েন্টে এগিয়ে থাকা পুলিশ ম্যাচটি জিতে নেয় ৬২-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে।
পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বিজিবি মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর। প্রথমার্ধে ২৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিজিবি আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় তাদের। ৪০-৩৭ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে বিজিবি।
দ্বিতীয় সেমিফাইনালে সেনাবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথমার্ধে দুই দলের পয়েন্ট ছিল ১৩-১৩। দ্বিতীয়ার্ধেও পয়েন্টের লড়াই চলতে থাকে সমান্তরালে। তবে শেষ মুহূর্তে কৌশলী খেলে ৩৩-৩০ পয়েন্টে বিমানবাহিনীকে হারিয়ে শিরোপার মঞ্চে ওঠে সেনাবাহিনী।
রিপোর্টারের নাম 


























