নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ২০২৩-২৪ সালে নিয়োগ পাওয়া ৩৩৪ জন কর্মচারীর পুলিশ প্রত্যয়ন বা ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগপত্রের শর্তানুযায়ী ১২তম থেকে ২০তম গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) এই কর্মচারীদের চরিত্র, পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত যোগ্যতা এবং নিজ জেলার তথ্য যাচাই করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ, এর আগে নিয়োগ পাওয়া কিছু কর্মচারীর পুলিশ প্রত্যয়ন সম্পন্ন হয়নি বলে জনবল ব্যবস্থাপনা শাখা থেকে জানানো হয়।
যাদের পুলিশ ভেরিফিকেশন এখনও বাকি, তাদের জন্য কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে:
সময়সীমা: কর্মচারীদের ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট নিজ নিজ অফিস প্রধানের কাছে জমা দিতে হবে।
ফরম সংগ্রহ ও প্রেরণ: নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মীরা জনবল ব্যবস্থাপনা-২ শাখা থেকে ফরম সংগ্রহ করবেন। তবে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মাঠ পর্যায়ের কার্যালয়ে কর্মরতদের ফরম সই করে ১০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর স্থায়ী ঠিকানার জেলা পুলিশ সুপার বরাবর পাঠাতে হবে।
সংরক্ষণ: প্রত্যয়ন সম্পন্ন হওয়ার পর এক সেট সত্যায়িত কপি সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ করা হবে এবং মূল কপি জনবল ব্যবস্থাপনা-২ শাখায় পাঠাতে হবে।
এছাড়াও, অন্য একটি অফিস আদেশে নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীদেরও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















