প্রখ্যাত কবি জসীম উদদীনের ১২৩তম জন্মদিন আজ ১ জানুয়ারি। কবিতায় গ্রাম-বাংলার মানুষের সুখ-দুঃখের কথা নিপুণভাবে তুলে ধরে ‘পল্লীকবি’ উপাধি পাওয়া এই কবির জন্মস্থান ফরিদপুর শহরতলির কুমার নদের পাড়ে অম্বিকাপুরে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে অম্বিকাপুরে কবির সমাধিস্থলে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক কামরুল হানার মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, রামানন্দ পাল, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দীকি, প্রফেসর এম এ সামাদ, মফিজ ইমাম মিলন প্রমুখ।
১৯০৩ সালের এই দিনে ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত কবি জসীম উদদীন। কবির বাবার নাম আনসার উদ্দীন মোল্লা। মা আমিনা খাতুন।
কবি জসীম উদদীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তী সময়ে ফরিদপুর জেলা স্কুলে (বর্তমানে ফরিদপুর জিলা স্কুল) পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ণ হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় বিএ এবং এমএ শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সালে।
পল্লীকবির অমর সৃষ্টির মধ্যে রয়েছে– নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, রাখালী, বালুচর প্রভৃতি কাব্যগ্রন্থ। তিনি ১৯৭৬ সালের ১৪ মার্চ মারা যান।
রিপোর্টারের নাম 

























