স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এমন কোনো কাজ করা যাবে না, যার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। একইসাথে তিনি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে যানজটমুক্ত ও আধুনিকায়ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করার নির্দেশ দেন। তিনি ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে নগরবাসীকে যানজটমুক্ত পরিবেশ দেওয়ার ওপর জোর দেন। সভায় উপস্থিত কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সেসব সমাধানে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান আইনশৃঙ্খলার যাবতীয় সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নির্দেশনায় শিগগিরই সমাধান হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এছাড়া, পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এ গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















