অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের হিসাব বা পরিমাপ করার ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। তিনি আরও জানান, সরকার ইতিমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে বিশ্বমানের সংস্থা হিসেবে তৈরি করতে একাধিক সংস্কার ও আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। তাঁর মতে, এসব উদ্যোগ কার্যকর হলে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ পদ্ধতি আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের হবে।
২০ অক্টোবর (সোমবার) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবার বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত।
এবারে ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস একযোগে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো ‘ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ (সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্তের মাধ্যমে পরিবর্তন চালনা), যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, তথ্যের সহজলভ্যতা এবং মানসম্মত উপাত্তের ব্যবহার দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে এবং উন্নয়নকে আরও বেশি জনমুখী করে তুলবে।
দেশের সব নীতিনির্ধারক, সিদ্ধান্ত গ্রহণকারী, পরিকল্পনাবিদ, গবেষক, পরিসংখ্যানবিদ ও তথ্য ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টায় ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্ত’ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
রিপোর্টারের নাম 



















