ইউক্রেনের ওদেসা অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাতে চালানো হামলায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন শিশুসহ চারজন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কৃষ্ণসাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওদেসা প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে বারবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় প্রায়ই জ্বালানি, পরিবহন ও বন্দর অবকাঠামো, পাশাপাশি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রাম বার্তায় বলেন, আমাদের অঞ্চলে আবাসিক এলাকা, সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে স্ট্রাইক ড্রোন হামলা চালানো হয়েছে।
ওদেসা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্রে হামলায় আহতদের মধ্যে রয়েছেন সাত মাসের এক শিশু, আরও দুই শিশু এবং ৪২ বছর বয়সি এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেন ওদেসা সামরিক প্রশাসনের প্রধান সেরহিই লিসাক।
লিসাক জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এবং সরাসরি আঘাতে বেশ কয়েকটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনের সম্মুখভাগ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখিয়েছেন, রাতে একটি বহুতল আবাসিক ভবন থেকে ধোঁয়া উঠছে, জানালায় আগুন জ্বলছে এবং দমকল বাহিনীর পানির জেট ভবনের দিকে ছোড়া হচ্ছে।
রয়টার্স এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























