ফিফা বিশ্বকাপ-২০২৬ এর মূল ট্রফি আসছে বাংলাদেশে। আগামী ১৪ জানুয়ারি ট্রফিটি ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কোকা-কোলার সূত্রে বিষয়টি জানা গেছে।
এবার প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আগামী বছরের ১১ জুন আসর শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই। অংশ নেবে ৪৮টি দেশ।
বৈশ্বিক ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি সফর করবে ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫টি স্থানে। প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও থাকবে।
এই ক্যাম্পেইনে অংশ নিতে ভক্তদের এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে, যা ফিফার ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন।
এই অফার শুরু হয়েছে গত ১৫ নভেম্বর ২০২৫ থেকে, চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে।
কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, “ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।”
তিনি বলেন, “একটি ফুটবল ম্যাচ দেখার সময় যে আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়, সেই অনুভূতিগুলোকে উদযাপন করার লক্ষে ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।”
এর আগে ২০০২ জাপান-কোরিয়া, ২০১৪ ব্রাজিল এবং সবশেষ কাতার বিশ্বকাপের ট্রফি এসেছিল বাংলাদেশে।
রিপোর্টারের নাম 























