ভারতের চেন্নাই ও মাদুরাইতে অনূর্ধ্ব ২১ বিশ্বকাপ হকিতে বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জিতেছে। ৫টি হ্যাটট্রিকসহ ১৮ গোল করে আমিরুল ইসলাম সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম উঠিয়ে চারদিকে হইচই ফেলে দেন। বিশ্বকাপে ড্রাগ অ্যান্ড ফ্লিক বিশেষজ্ঞ হয়ে ওঠা আমিরুলের সামনে দেশের বাইরে লিগ খেলার হাতছানি। আপাতত জার্মানি থেকে খেলার আমন্ত্রণ থাকলেও সেখানে যাওয়া নিয়ে দোটানায় পড়েছেন ২০ বছর বয়সী এই ডিফেন্ডার।
আগামী বছরের এপ্রিলে জার্মানির চতুর্থ বিভাগের দল হকি ক্লাব অব বমলিনগেন থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ এসেছে। শুরুতে মার্চে খেলা থাকলেও তা এক মাস পিছিয়ে দেওয়া হয়।
আমিরুলের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এতদিন বসে থাকতে চান না। তাই অন্যদেশের ক্লাবগুলোতেও চেষ্টা করছেন।
ফরিদপুর থেকে উঠে আসা এই খেলোয়াড় বাংলা ট্রিবিউনকে বলেন, “জার্মানির ক্লাব থেকে আমন্ত্রণ এলেও সেখানে খেলার সিদ্ধান্ত নিইনি। এখনও দোটানার মধ্যে আছি বলতে পারেন। অন্য দেশের ক্লাবগুলো থেকে আমন্ত্রণ আসার কথা রয়েছে। আসলে আমি বেশি দিন বসে থাকতে চাই না। খেলার মধ্যে থাকতে চাই। তাই এখনও অপেক্ষায় আছি।”
তিনি আরও বলেন, “যদি ব্যাটে বলে মিলে যায়, খেলার সময় সামনে থাকে তাহলে অন্য দেশ থেকে আমন্ত্রণ পেলে সেখানে যেতে পারি। নাহলে জার্মানি তো আছেই।”
তবে বিদেশের লিগে আমিরুলের মনোযোগ থাকলেও দেশে খেলা না থাকায় হতাশা আছে জানিয়ে আমিরুল বলেন, “আমাদের এখানে লিগ হলে আর বাইরের দেশের কথা চিন্তা করতে হত না। এখানে কবে লিগ হবে আমরা কেউ জানি না। সবার উচিত এটা নিয়ে ভাবা। যেন দ্রুত লিগ হতে পারে।”
রিপোর্টারের নাম 
























