অন্যের নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ চুরি করে তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর—বর্তমানে বিজিবি) সিপাহী পদে যোগদান এবং দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি বেতন-ভাতা আত্মসাতের দায়ে মো. আকবর আলী নামে এক অবসরপ্রাপ্ত সিপাহীকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট সাড়ে ৫ লাখ টাকা জরিমানা এবং চাকরিকালীন উত্তোলিত সমুদয় বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার জন্য তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আকবর আলী ‘মো. জাহাঙ্গীর আলম’ ছদ্মনাম ধারণ করে রাজশাহীর ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে আদালত উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির পৃথক চারটি ধারায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য দাঁড়িয়েছিলেন সিরাজগঞ্জ সদরের কোনাগাতী গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং চৌহালীর রেহাই কাউলিয়া গ্রামের মো. আকবর আলী। সে সময় অষ্টম শ্রেণি পাসের সনদ ও নাগরিকত্ব সনদ জমা দিয়ে জাহাঙ্গীর আলম চাকরির জন্য নির্বাচিত হলেও পারিবারিক কারণে যোগদান করেননি। অন্যদিকে নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন আকবর আলী।
জাহাঙ্গীর আলমের যোগদান না করার সুযোগটি কাজে লাগিয়ে তার অগোচরে নাম, বাবার নাম, ঠিকানা ও সনদপত্র ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ প্রতারণামূলকভাবে বিডিআরে যোগ দেন আকবর আলী। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৫ মে পর্যন্ত চাকরি করে তিনি অবসরে যান।
দুদকের তদন্তে উঠে আসে, জালিয়াতি ধামাচাপা দিতে আকবর আলী ১৯৮৪ সালে বিয়ের নিকাহনামাতেও নিজেকে ‘জাহাঙ্গীর আলম, পিতা-মহির উদ্দিন’ হিসেবে উল্লেখ করেন। পরে চাকরির খতিয়ান বইয়ে জন্মতারিখ ও বাবার নাম পরিবর্তন করেন এবং ১৯৮৭ সালে ভুয়া ঠিকানা কোনಾಗাতী গ্রাম যমুনা নদীতে বিলীন হওয়ার মিথ্যা তথ্য দিয়ে স্থায়ী ঠিকানা পরিবর্তন করেন।

























